ঢাকা : আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট তাদের প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে। আজ (মঙ্গলবার) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে ওই তালিকা প্রার্থীদের কাছে হস্তান্তর করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সহ-প্রচার সম্পাদক ও প্রার্থী বাছাই কমিটির সদস্য এমরান সালেহ প্রিন্স। তিনি জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। তাই আজ (মঙ্গলবার) জোটের মনোনীত প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেব। তারা আগামীকাল (বুধবার) নিজ নিজ জেলা নির্বাচন কমিশন অফিসে তা জমা দেবেন। ২০ দলীয় জোটের অন্যান্য দলের এবং বিএনপি কতজন প্রার্থী রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে শরীক দলগুলোর জন্য বেশ কয়েকটি প্রার্থী দেয়া হয়েছে ।
