Monday, December 14, 2015

সাত খুনের ঘটনা নতুন মোড় নিয়েছে



নিউজ ডেস্ক : পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে বলে নারায়ণগঞ্জে র‍্যাব কর্তৃক সাত খুনের ঘটনায় অধিকতর তদন্ত চেয়ে করা রিট নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাত খুনের মামলার অভিযোগপত্রে ষড়যন্ত্রের একটি ধারা যোগ করতে বলেছেন উচ্চ আদালত। সাত খুনের অন্যতম শিকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি অধিকতর তদন্তের আদেশ চেয়ে রিট আবেদন করেছিলেন। রিট আবেদনের নিষ্পত্তি করে দিয়ে সোমবার এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ। পুলিশ চাইলে অধিকতর তদন্ত করতে পারবে এবং ষড়যন্ত্রের একটি ধারা যোগ করতে বলেছেন উচ্চ আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন আইনজীবী মন্টু ঘোষ। শুনানি চলাকালে ম্যাজিস্ট্রেট কোর্টে নারাজি আবেদনের পর ম্যাজিস্ট্রেট বিউটির বক্তব্যের ওপরে যে বিষয়ে পরীক্ষা করেছেন তার আদেশ চেয়েছিলেন হাইকোর্ট। আবেদনকারী পক্ষ গত বৃহস্পতিবার ওই আদেশটি হাইকোর্টে দাখিল করেন। এর আগে গত ১ ডিসেম্বর শুনানির সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি এম ইনায়েতুর রহিম নারায়ণগঞ্জের সাত খুন হত্যা মামলার অভিযোগপত্রে ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, তবে অধিকতর তদন্তের নামে শতভাগ অর্জন করতে গিয়ে যারা কারাগারে রয়েছেন তারা যেন কোন সুবিধা না নিয়ে নেয়। কারণ দেশের মানুষ তাকিয়ে আছে মামলাটির সুষ্ঠু বিচার হোক। আবদুল বাসেত মজুমদার শুনানিতে বলেন, মামলার বাদী এজাহারে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন। কিন্তু তদন্ত শেষে পুলিশের দাখিল করা অভিযোগপত্রে দেখা গেল এজাহারভুক্ত ৫ আসামিকে তাতে অন্তর্ভুক্ত করা হয়নি। মামলার বাদী যদি এজাহারে কারো নাম বলে সাধারণত অভিযোগপত্রে তার নাম থাকাটা উচিত। কিন্তু পুলিশ যে অভিযোগপত্র দাখিল করেছে সেখানে কারো নাম রয়েছে, আবার কারো নাম বাদ দিয়েছে। এতে বাদীর ন্যায় বিচার না পাওয়ার আশংকা রয়েছে। তিনি বলেন, এই সাত খুনের ঘটনার মূল হোতা নূর হোসেন মামলার তদন্তকালে দেশে ছিলেন না। সরকার তাকে ফিরিয়ে এনেছে। এখন রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে নতুন তথ্য পাওয়া যেতে পারে। গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে অপরজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় দুটি মামলা করা হয়।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ