ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর ছোড়া গুলিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মনির হোসেন সুমন (২৫) গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার বেলা ১২টার দিকে পৌর মেয়রের বাসভবন শহরের আড়পারায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে কালীগঞ্জ পৌরসভার শ্রীরামপুর থেকে বাকুলিয়া রাস্তাটির কাজে বাঁধা দেয় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ক্ষুব্ধ হয়। বেলা ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মেয়রের সঙ্গে আলোচনা করতে এলে মেয়র উত্তেজিত হয়ে তাদের ওপর গুলি বর্ষণ করে। এতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন সুমন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে পৌর মেয়র বলেন,‘আমি আত্মরক্ষার্থে আমার বৈধ অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছি। এতে কেউ আহত হয়নি।’
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
