চুয়াডাঙ্গা : ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রুহুল আমিন (৩৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ঠাঁকুরপুর ৯১ নম্বর প্রধান খুঁটির পূর্বপাশে এই ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার শোবলপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে। তবে বিজিবি দাবি করেছে, গরু ব্যবসায়ী রুহুল আমিন বাংলাদেশ ও ভারতের যৌথ নাগরিক ছিলেন। তার মরদেহ ভারতীয় কর্তৃপক্ষের কাছে রয়েছে। বিএসএফ সদস্যের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামিও ছিলেন রুহুল আমিন। চুয়াডাঙ্গা বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, রাতে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন রুহুল আমিন ও তার সঙ্গীরা। এ সময় ঠাঁকুরপুর সীমান্তের বিপরীতে বিএসএফের রাঙিয়ার কোটা ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে ভারতীয় এলাকাতেই রুহুল আমিন নিহত হন। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, রুহুল বাংলাদেশ ও ভারতের যৌথ নাগরিক ছিলেন। তিনি ভারতের চাপড়া গ্রামেও থাকতেন। কিছুদিন আগে সীমান্তে এক বিএসএফ সদস্যকে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনার দায়ের করা মামলায় রুহুল আসামি ছিলেন।’ রুহুল আমিনের লাশ ভারতে আছে। তবে লাশ বাংলাদেশে ফেরত দেওয়া হবে কি না, এ ব্যাপারে এখনো বিএসএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে জানান বিজিবি কমান্ডার মনিরুজ্জামান।