
ঢাকা : ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার রাতে। ৭৩৬ সদস্য বিশিষ্ট বিশাল এক কমিটিতে অধিকাংশই তরুণ। তবে পূর্ণাঙ্গ এ তালিকায় বেশ কয়েকজন ছাত্র নেতার নাম রয়েছে যারা এখনো নিঁখোজ রয়েছেন। ছাত্রদল দাবি করছে তারা গুমের শিকার। তারা ফিরে আসবে এই আশায় কমিটিতে তাদের রাখা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সরদার আমিরুল ইসলাম সরদার সাগর বাংলামেইলকে জানান, গুম হওয়া নেতারা ফিরে আসবেন এ আশা নিয়ে তাদের নাম কমিটিতে রয়েছে।
তিনি বলেন, ‘হামলা-মামলাসহ নানা প্রতিকূল অবস্থাতে ৭৩৬ সদস্য বিশিষ্ট কমিটি প্রমাণ করে ছাত্রদল এদেশের বৃহত্তম ছাত্র সংগঠন। দীর্ঘ ১২ বছর পর হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এ কমিটির ফলে সরকারবিরোধী আন্দোলনে নতুন মাত্রা পাবে।’
তবে অনেকেই মনে করছেন, সহযোগী সংগঠন ছাত্রদলে গুম হওয়া নেতাদের কমিটিতে স্থান দেয়া বিএনপির একটি পলিসি। এতে করে সহানুভূতি অর্জন করা খুব সহজ। তাই আসছে বিএনপির কমিটিতেও গুম হওয়া নেতাদের স্থান দেয়া হবে বলেও জানা গেছে।
কমিটির তালিকায় স্থান পাওয়া গুম হওয়া নেতারা হলেন- সহ-সাধারণ সম্পাদক : মাহাবুব হাসান সুজন (সবুজবাগ), সেলিম রেজা পিন্টু (সূত্রাপুর)।
সহ-সাংগঠনিক সম্পাদক : ইফতেখার আহমেদ দিনার (সিলেট), মফিজুল ইসলাম রাশেদ (ঢাকা মহানগর পশ্চিম)। সদস্য : কাজী ফরহাদ হোসেন (সবুজবাগ)।
এছাড়া তেজগাঁও কলেজ শাখার সভাপতি আমিনুল ইসলাম জাকির, সহ-সভাপতি তরিকুল হাসান ঝন্টু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, মো. আল আমিন।