সিলেট : জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনটির একাংশ। এছাড়াও সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে কমিটি বাতিলের দাবিতে নগরীতে ঝাড়ু মিছিল করা হয়েছে।
সোমবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল বের করে বিক্ষুব্দ নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনকপাল অরূপের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, ছয়েফ আহমদ, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কান্তি দাস, আইন সম্পাদক পিটু রঞ্জন দাস, বন ও পরিবেশ সম্পাদক ছাদিকুর রহমান, উপ-প্রচার সম্পাদক আতিকুল ইসলাম ইমন, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান উজ্জল, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াদ আহমদ জামিল, উপ-আইন সম্পাদক কাওসার আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক বখতিয়ার আকরাম চৌধুরী অনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রশিবির, ছিনতাইকারী, ছাত্রদল, অছাত্র, বিবাহিতদেরকে স্থান দেয়া হয়েছে।
তারা কমিটি বাতিলের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সিলেট জেলার সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র ধর্মঘট, বুধবার সকল উপজেলায় বিক্ষোভ মিছিল।
একইসাথে সমাবেশ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার প্রায় ১৫ মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়। ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করার পর থেকে সিলেট জেলা ছাত্রলীগের একাশং বিক্ষুব্ধ হয়ে উঠে।