Monday, December 7, 2015

সরকারি কর্মকর্তাসহ ১৬ জনকে অব্যাহতি





নিউজ ডেস্ক: অনুসন্ধানে ‘দুর্নীতির অভিযোগের প্রমাণ না পাওয়ায়’ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ ১৬ জনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এঁদের মধ্যে শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, জুট করপোরেশনের চেয়ারম্যান, পুলিশের একজন উপকমিশনার, হাইকোর্টের একজন বেঞ্চ অফিসার, বিদ্যুৎ বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী এবং একজন পৌর মেয়র রয়েছেন।

এই ১৬ জনকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সম্প্রতি কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত পৃথক চিঠিতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মো. বুলবুল আহমেদ পাটোয়ারীকে। ক্ষমতার অপব্যবহার বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দুদকের উপসহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম অনুসন্ধান শেষ তাঁকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়।
ঢাকার তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে বসতবাড়ি দখল, জমি দখল এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের শেষ দিকে অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের অনুসন্ধান ও তদন্ত-৩-এর উপপরিচালক হামিদুল হাসান বিষয়টি অনুসন্ধান করেন। অনুসন্ধানে অভিযোগ প্রমাণ না হওয়ায় বিপ্লব কুমার সরকারকে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ভাড়া দেওয়া ও মেরামতের ক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদেরকে।
আরেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান আবদুল মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রেলওয়ের মোটর আর্মেচার মেরামতের কার্যাদেশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দের লোকজনকে দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল এঁদের মধ্যে। অভিযোগটি থেকে আরও অব্যাহতি পান রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) মো. দেলোয়ার হোসাইন, অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মো. টি এ চৌধুরী, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সেকেন্দার আলী, রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক মাজহারুল ইসলাম খান।
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে খুলনা বিদ্যুৎ সরবরাহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোশারফ হোসেনকে। ভুয়া রসিদের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কৃষি প্রকৌশল প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন খান।
ভুয়া রসিদের মাধ্যমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও রাজস্ব খাতের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি পান কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমানসহ ছয়জন। অন্যরা হলেন, হোসেনপুর পৌরসভার সাবেক সচিব মো. সফিকুর রহমান ও নুরুল ইসলাম মিন্টু, সাবেক সহকারী প্রকৌশলী মো. নুরুল আলম, সাবেক উপসহকারী প্রকৌশলী শাহ আলম এবং সাবেক হিসাবরক্ষক মো. এমদাদুল ইসলাম।

মূলপাতা

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ